প্রিন্ট এর তারিখঃ Oct 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2026 ইং
যশোরের চৌগাছায় উপজেলা আবারো খুন,

যশোরের চৌগাছায় উপজেলা আবারো খুন,
এ দায় কার?
নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে আহত মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মিজানুর রহমান কুষ্টিয়ার বাটকেমারি গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামের ইদ্রিস আলীর বাড়ির গোয়ালঘরে তিন ব্যক্তিকে দেখতে পান বাড়ির লোকজন। অভিযোগ রয়েছে, তাঁরা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করছিলেন। এ সময় চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের ধাওয়া করেন।
একপর্যায়ে দুজন পালিয়ে গেলেও মিজানুর রহমানকে স্থানীয়রা ধরে ফেলেন। পরে গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
গরুর মালিক ইদ্রিস আলী বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে তিনি গোয়ালঘরে তিনজনকে তালা ভাঙার চেষ্টা করতে দেখেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ধাওয়া করে একজনকে আটক করেন। অন্য দুজন পালিয়ে যান। ইদ্রিস আলীর দাবি, এক বছর আগেও তাঁর গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছিল।
খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমানকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেজা উদ্দিন জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত আঘাতের কারণে শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগেও গত বছরে চৌগাছা স্বরূপদা ইউনিয়নের মাসিলা গ্রামে আলমগীর নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে গরুচোর হিসাবে চালিয়ে দেওয়া হয়েছিল,
পুলিশ ওই মামলায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নাই।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন